মালামাল চুরির মামলায় ই-ভ্যালির ধানমন্ডি অফিস ভবনের মালিক গ্রেফতার
ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ধানমন্ডি অফিস থেকে মালামাল চুরির অভিযোগে ওই ভবনের মালিককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। সরকার থেকে নিয়োগপ্রাপ্ত ই-ভ্যালি পরিচালনা বোর্ডের সদস্য, অতিরিক্ত সচিব মাহবুব কবিরের দায়ের করা মামলায় বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১১/এ নম্বর রোডে অভিযান চালিয়ে ধানমন্ডি ১৪ নম্বরের ওই ভবনের মালিক সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া রাতে গণমাধ্যমকে এই ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ইভ্যালির ধানমন্ডির অফিসটি ভাড়ায় পরিচালিত হতো। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেফতার হওয়ার পর ওই কার্যালয় থেকে মালামাল ও আসবাব চুরির অভিযোগে বাড়িমালিক সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়। আজ সন্ধ্যায় ধানমন্ডির ১১/এ নম্বর রোডে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন। ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। ওই মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়।